দাবাকে স্থায়ী জায়গার প্রতিশ্রুতি প্রতিমন্ত্রীর

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৯ এএম

নির্বিঘ্নে দাবা চর্চার জন্য একটা স্থায়ী জায়গার দাবিটা অনেক দিনের বাংলাদেশের দাবাড়ুদের। পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ ফেডারেশনের সভাপতির দায়িত্ব নেওয়ার পর সেই দাবিটা আরও জোরালো হয়। সেই দাবি পূরণের একটা সম্ভাবনা অবশেষে দেখা দিয়েছে। গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ফেডারেশন সভাপতির অনুরোধে দাবাকে একটি স্থায়ী জায়গার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সাউথ এশিয়ান চেজ কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের মোট ৩৪ জন দাবাড়ুকে পুরস্কৃত করা হয়। স্বাগতিক বাংলাদেশের কোনো দাবাড়ু অবশ্য এই টুর্নামেন্টের সেরা দশে থাকতে পারেননি। ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেগরানত সুশান্ত চ্যাম্পিয়ন হয়েছেন। রানারআপ হন ভারতের গ্র্যান্ডমাস্টার সুনীল নারায়ণ। ইরানের মোহাম্মদ আমিন তাবাতামি উক্ত টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেন। বাংলাদেশের ১৫ জন দাবা খেলোয়াড়কে সভাপতির পক্ষ থেকে বিশেষ প্রণোদনা ও পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানে অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ড. চৌধুরী নাফিস শরাফত, ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। এছাড়া অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান চেস ফেডারেশনের প্রেসিডেন্ট শেখ সুলতান বিন খালিদ আল নাহিয়ান ও সেক্রেটারি জেনারেল জনাব হিশাম আল তাহের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত