‘তারারা জানে না সে আলোর ঠিকানা’ নিয়ে হাবিব-ন্যানসি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১২:২০ পিএম

তুমি যে আমার ঠিকানা, কী যে হলো আজ, বলে তো দিয়েছি হৃদয়ের কথা, ঝরা পাতা, হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে, পৃথিবীর যতো সুখ, তোমারে দেখিলো, দ্বিধা, এত দিন কোথায় ছিলে, আকাশের ভাঁজে, ভালোবাসা হলো না, তুমি আমার, ধীরে ধীরে— এ গানগুলোতে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যানসি ‍জুটি।

সম্প্রতি গায়িকা জানালেন, শিগগিরই নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন তারা। স্টুডিওতে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি।

প্রায় এক বছর পর একই গানে কণ্ঠ দিলেন হাবিব ও ন্যানসি। মীর শরিফুল করিম শ্রাবণের কথায় গানটির শিরোনাম ‘তারারা জানে না সে আলোর ঠিকানা’। বরাবরের মতো সুর ও সংগীতায়োজন করেছেন ‘ভালোবাসবো রে’-খ্যাত গায়ক।

খুব শিগগির ভিডিও আকারে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি।

গত বছরের সেপ্টেম্বরে ‘ঝরা পাতা’ গানটির বিশেষ সংস্করণে শেষবার হাবিব ও ন্যানসিকে পাওয়া যায়। চলতি বছরের শুরুতে নতুন গানের কাজ করার কথা থাকলেও করোনার কারণে সম্ভব হয়নি বলে জানান এ গায়িকা।

হাবিব ওয়াহিদের হাত ধরেই সংগীতজগতে পরিচিতি পান ন্যানসি। তাদের দ্বৈতগানগুলো পেয়েছে ভীষণ জনপ্রিয়তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত