নতুন জীবনের প্রস্তুতি নেয়ার দিনগুলোতে সড়ক দুর্ঘটনায় জীবনই থেমে গেছে ভারতের এক যুগলের। পশ্চিমবঙ্গের বরাহনগরের এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা শহরে নেমেছে শোকের ছায়া।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্কুটারে চেপে বিয়ের কেনাকাটা করতে বেরিয়ে নিউ টাউনে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ওই তরুণ ও তরুণীর।
তাদের নাম দীপায়ন মুখোপাধ্যায় (২৯) ও মেধা পাল (২৭)। ওই রাতে নিউ টাউনের দিক থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন দু’জনে। স্কুটারটি চালাচ্ছিলেন দীপায়ন, পেছনে বসেছিলেন মেধা।
নারকেলবাগান মোড়ে নির্মীয়মাণ সাবওয়ের কাছে একটি ট্রাক পেছন থেকে এসে স্কুটারে ধাক্কা মারলে দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পলাতক ট্রাকচালকের খোঁজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বরাহনগরের তাঁতিপাড়ার দেশবন্ধু রোড (ইস্ট)-র বাসিন্দা দীপায়ন পাঁচ নম্বর সেক্টরের তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। বাবা প্রদীপ মুখোপাধ্যায় অনেক দিন আগেই মারা গেছেন। মা মুক্তিদেবীর একমাত্র ভরসা ছিলেন দীপায়ন। আবার বিশরপাড়ার উত্তর নীলাচলের বাসিন্দা নবীনকিশোর পাল এবং সোনালি পালের একমাত্র মেয়ে মেধা।
বেঙ্গালুরুতে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী মেধা লকডাউনের সময়ে কলকাতায় বদলি হয়েছিলেন। বিয়ে ঠিকঠাক হয়ে যাওয়ায় মাঝেমধ্যেই দেখা করতেন দীপায়ন ও মেধা। অফিস ছুটির দিন বিয়ের কেনাকাটা করতে ও ঘুরতেও বেরোতেন দু’জনে। তেমনই শনিবারও তারা নিউ টাউনের একটি শপিং মলে গিয়েছিলেন কেনাকাটা করতে।
