ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘অবৈধভাবে দখল করে রাখা পার্কগুলোতে ৩ অক্টোবর থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে। পরে এসব পার্ক জনগণের হাতে তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে এটাই অঙ্গীকার।’
সোমবার গুলশান-২-এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ডিএনসিসি আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিকুল বলেন, যারা রাস্তা, ফুটপাত দখল করে আছেন, তারা এ অবৈধ মনোভাব ছেড়ে দিন। বঙ্গবন্ধু দেশ এবং দেশের মানুষকে ভালোবেসেছেন। লাল-সবুজের পতাকার জন্য সারাজীবন জেলে ছিলেন। আমরা যদি জাতির জনকের সেই চিন্তাভাবনা ধরে রাখতে পারতাম, তাহলে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিতে হতো না। ফুটপাতে রড-সিমেন্ট রেখে অট্টালিকা করছেন। একবারও কি খেয়াল করেছেন রাস্তা ও ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে দেওয়ায় জনগণের অসুবিধা হচ্ছে।’ মেয়র বলেন, ‘বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে। একইভাবে শেখ হাসিনার জন্ম হয়েছে বলেই বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।
ডিএনসিসির চালু করা দুটি ভ্রাম্যমাণ লাইব্রেরি ‘পরম্পরা’ সম্পর্কে তিনি বলেন, এ দুটি গ্রন্থাগারের মাধ্যমে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও তার পরিবার এবং শেখ হাসিনা সম্পর্কে প্রকাশিত বই ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন ও আসাদুজ্জামান নূর প্রমুখ উপস্থিত ছিলেন।
