অনলাইন নিউজ পোর্টাল বিডিসমাচার টুয়েন্টিফোর ডটকম (bdsomachar24.) এর ২য় বর্ষপূর্তি এবং ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।
বিডিসমাচার ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক মো. মহসিন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- চাঁদপুর-২ আসনের (মতলব উত্তর-দক্ষিণ) সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম বলেন, বিডিসমাচার ২টি বছর পেরিয়ে ৩য় বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে পত্রিকাটির সাংবাদিক ও কলাকুশলীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি বিডিসমাচার টুয়েন্টিফোর ডটকম এর পাঠক, শুভানুধ্যায়ীদেরও শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি আরো বলেন, বিডিসমাচার প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করায় সবার কাছে প্রশংসিত হয়ে আসছে। বিডিসমাচার টুয়েন্টিফোর ডটকম অতীতের ন্যায় আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের উন্নয়নে নিবেদিত থাকবে বলে আমার বিশ্বাস। আগামী দিনেও বিডিসমাচার দেশ ও জাতির সমৃদ্ধির অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে- এমন প্রত্যাশা রইল। আমি এই পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল বলেন, আমি আশা করি বিডি সমাচার টুয়েন্টিফোর ডটকম পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশন করবে। দেশপ্রেমিক প্রজন্ম তৈরিতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
