আত্মসমর্পণকারী ১০১ ইয়াবা কারবারির বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৭ পিএম

কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণকারী আলোচিত ১০১ জন ইয়াবা কারবারির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।

বুধবার বিকেলে কক্সবাজার জেলা ও  দায়রা জজ আদালতে তাদের উপস্থিতিতে এ অভিযোগ গঠন করা হয়। একই সঙ্গে এ মামলায় তাদের জামিনের আবেদন করা হলে নামঞ্জুর করে আদালত।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ছিলেন মো. ইসমাঈল হোসেন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে অভিযোগ গঠন ও জামিন নামঞ্জুরের আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদুল আলম জানান, ২০১৯ সালের ১৬ ফেব্রম্নয়ারি কক্সবাজারের টেকনাফের হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কান কামাল এবং তৎকালীন পুলিশের আইজি ড. জাবেদ পাটোয়ারীর উপস্থিতিতে ১০২ জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেছিলেন। তাদের মধ্যে কারাগারে একজনের মৃত্যু হয়। কারাগারে থাকা বাকি ১০১ জনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে করা দুটি মামলায় পুলিশ আদালতে চার্জশিট জমা দিয়েছে। কারা হাজতে থাকাকালে টেকনাফ সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার ফজল আহমদের ছেলে মোহাম্মদ রাসেলের মৃত্যু হওয়ায় তাকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। ওই সময় অস্ত্র ও মাদক মামলায় দুটি মামলা করা হয়েছিল। ইতিমধ্যে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। ওই সময়ে ইয়াবা কারবারিদের কাছ থেকে সাড়ে ৩ লাখ ইয়াবা, ৩৬টি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত