সাভারে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫১ পিএম

সাভারে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন (৪৫) ও তার ভাই মিরাজকে (৩৫) কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার দুপুরে আসামিদের আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার কাকাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, ৫ লাখ টাকা চাঁদা দাবি করে কাকাবো এলাকার এটিএম আশরাফুল ইসলামের বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেয় বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর ও তার কয়েক সহযোগী। এ সময় চাঁদা আদায়ে ভুক্তভোগীকে নানারকম ভয়ভীতি দেখানোসহ প্রাণনাশের হুমকিও দেয় তারা।

এরই ধারাবাহিকতায় গত সোমবার সাভার উপজেলা পরিষদ চত্বরে আশরাফুলকে আটকে চাঁদার দাবিতে মারধর করে অভিযুক্তরা। পরে বাধ্য হয়ে চেয়ারম্যানকে ১ লাখ টাকা দেন তিনি। কিন্তু বাকি ৪ লাখ টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা।

এ ঘটনায় মঙ্গলবার চেয়ারম্যান সুজনসহ অজ্ঞাত পরিচয় আরও ৪-৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন ভুক্তভোগী আশরাফুল। পরে রাতে অভিযান চালিয়ে সুজন ও তার ভাই মিরাজকে গ্রেপ্তার করে পুলিশ।

সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত