ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা শনিবার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:২৭ পিএম

আগামী শনিবার ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করবে বিএনপি। বুধবার দলটির স্থায়ী কমিটির একাধিক সদস্য দেশ রূপান্তরকে এ কথা নিশ্চিত করেছেন।

তবে এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুই-একদিনের মধ্যে দলের বৈঠক হবে। বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর গণমাধ্যমকে জানানো হবে।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা বলেন, গত ১২ সেপ্টেম্বর এই দুই আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। তখন নির্বাচন কমিশন এই দুই আসনের উপ নির্বাচনের তারিখ ঘোষণা না করায় আমরা প্রার্থীর নাম ঘোষণা করিনি। এখন যেহেতু কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সেহেতু আগামী শনিবার দলের পার্লামেন্টারি বোর্ডের সভা করে প্রার্থী চূড়ান্ত করার পর তা ঘোষণা করা হবে।

এদিকে বুধবার অনলাইন সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাছানকে ঢাকা-১৮ ও আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়কে সিরাজগঞ্জ-১ আসনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে চলতি বছরের ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়। আর মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন আগামী ১২ নভেম্বর এই দুই আসনে উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত