গাজীপুরের শ্রীপুরে ছিনতাইয়ের ঘটনায় ইউনিয়ন পর্যায়ের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তার নাম লিয়াকত ফকির (৪৩)। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শ্রীপুর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, গত বুধবার রাতে লিয়াকত ফকিরকে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ বাড়ি থেকে গ্রেপ্তারের পর রাতেই তাকে শ্রীপুর থানায় সোপর্দ করে ডিবি পুলিশ।
তিনি আরও জানান, গত ৯ আগস্ট শ্রীপুরের মাওনা চৌরাস্তার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে কয়েক যুবক মুলাইদের ব্লু-প্লানেট নিটওয়্যার লিমিটেডের ফেব্রিকসবাহী গাড়ি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা করা হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামালসহ একটি মিনি পিকআপ উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে লিয়াকত ফকির এ ঘটনার মূলহোতা এবং তার নির্দেশেই ছিনতাই করা হয়েছে বলে উল্লেখ করে।
অন্যদিকে, ফরিদপুরের কানাইপুরে একটি সংখ্যালঘু পরিবারের সদস্যের বাড়িতে হামলা করে মারপিটের অভিযোগে করা মামলায় ইউনিয়ন পর্যায়ের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় বসু নরসিংহদিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই আওয়ামী লীগ নেতার নাম জুলফিকার আলী ওরফে মিনু (৫৬)। তিনি কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বসু নরসিংহদিয়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল আলী মোল্লার ছেলে।
এদিকে কানাইপুরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা চালিয়ে চারজনকে আহত করার ঘটনার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখা’র উদ্যোগে কানাইপুর বাজারে বিক্ষোভ মিছিল ও ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন হয়।
