সৈকতের সুগন্ধা পয়েন্টে স্থাপনা উচ্ছেদে বাধা নেই

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০২:২৬ এএম

কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলীর সুগন্ধা পয়েন্টে ৫২ জনের স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ ও রুল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ভূমি মন্ত্রণালয় ও রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত ভার্চুয়াল আপিল বেঞ্চ এ রায় দেয়। সর্বোচ্চ আদালতের এ রায়ের ফলে সেখানে থাকা ওই ৫২ ব্যক্তির স্থাপনা উচ্ছেদে কোনো বাধা নেই বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেন ভূমি মন্ত্রণালয়ের আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। এ সংক্রান্ত রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন।

মনজিল মোরসেদ জানান, কক্সবাজার সমুদ্রসৈকতে সুগন্ধা পয়েন্টে বিভিন্ন অবৈধ স্থাপনা পৌরসভার ট্রেড লাইসেন্সধারী ব্যক্তিরা পরিচালনা করে আসায় কক্সবাজার উন্নয়ন কর্র্তৃপক্ষ ২০০৮ সালের ১০ এপ্রিল উচ্ছেদের নোটিস জারি করে। এর পরিপ্রেক্ষিতে ৫২ জন হাইকোর্টে রিট আবেদন করেন। একই বছরের ১৬ এপ্রিল হাইকোর্ট রুল জারি করে এ বিষয়ে স্থগিতাদেশ দেয়। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় ও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রুল ও স্থগিতাদেশ খারিজ করে রায় দেয়। ফলে এখন ওই ৫২ ব্যক্তির প্রতিষ্ঠান উচ্ছেদে কোনো বাধা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত