কক্সবাজারের উখিয়ার পালংখালীর গহিন পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জামসহ দুই কারিগরকে আটক করেছে র্যাব।
শুক্রবার রাত ৮টারদিকে পালংখালী ইউনিয়নের মধুরছড়া পাহাড়ে এ অভিযান চালানো হয় বলে জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।
আটককৃতরা হলেন- মহেশখালী উপজেলার বাসিন্দা আবু মজিদ ওরফে কানা মজিদ ও রবি আলম। তারা অস্ত্র তৈরির কারিগর।
র্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা পালংখালীর গহিন পাহাড়ি এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের মাঝে সরবরাহ করে আসছিল।
মেজর মেহেদী বলেন, শুক্রবার বিকেলে পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত গহিন পাহাড়ে কিছু অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে এমন খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালায়। একপর্যায়ে মধুরছড়া নামের একটি পাহাড় থেকে ২ জনকে আটক করা হয়।
পরে তাদের অবস্থান নেয়া একটি কুড়ে ঘর থেকে দেশীয় তৈরি ২ টি বন্দুক, ২ টি গুলি ও বেশ কিছু অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
