‘তরুপল্লব-দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার’ পেলেন তুহিন ওয়াদুদ

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০৪:৩২ এএম

নদীবিষয়ক গবেষণা, উদ্ভিদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদানের জন্য ‘তরুপল্লব-দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার’ পেয়েছেন তুহিন ওয়াদুদ। তুহিন ওয়াদুদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।

গতকাল শুক্রবার রাজধানীর সিদ্ধেশ্বরীতে তরুপল্লব কার্যালয়ে এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন পুরস্কার হিসেবে ক্রেস্ট, উত্তরীয়, সনদ এবং ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

প্রকৃতি ও পরিবেশবিষয়ক সংগঠন তরুপল্লব এর প্রতিষ্ঠাতা উদ্ভিদবিদ দ্বিজেন শর্মার স্মরণে এই পুরস্কার দিয়ে আসছে। অনুষ্ঠানের সভাপতি সেলিনা হোসেন বলেন, দ্বিজেন শর্মা আমাদের প্রকৃতি সংরক্ষণে উদ্বুদ্ধ হওয়ার ডাক দিয়ে গেছেন। এখন তার দেখানো পথে আমাদের হাঁটতে হবে।

পুরস্কার বিজয়ী তুহিন ওয়াদুদ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মরুভূমি ছিল, আমরা সেখানে দুইশর বেশি প্রজাতির ৩৫ হাজার গাছ লাগিয়েছি। এটা আমার একার অর্জন নয়, আমার অনেক শিক্ষার্থীসহ অনেকেই এতে সহযোগিতা করেছেন। আমাদের দেশের দখল-দূষণে থাকা সব নদী উদ্ধার করতেই হবে। সেজন্য চেষ্টা করে যাচ্ছি। এই পুরস্কার প্রকৃতি রক্ষায় দায়িত্ব বাড়িয়ে দিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত