গিনেস রেকর্ডে নাম লেখানোর পরিকল্পনায় ৩ লাখের বেশি দেশলাই কাঠি দিয়ে তাজমহল বানিয়ে সবাইকে চমকে দিয়েছেন ভারতের এক তরুণী।
পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকার সহেলি পালের তৈরি করা তাজমহলের উচ্চতা ৬ ফুট। চওড়া ৪ ফুট।
সহেলি জানান, রাতের তাজমহলকে দেশলাই কাঠির মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার জন্য তিনি দুটি রং ব্যবহার করেছেন।
এর আগে ২০১৩ সালে ইরানের মেয়স্যাম রহমানি ১ লাখ ৩৬ হাজার ৯৫১টি দেশলাই কাঠি দিয়ে ইউনেসকোর লোগো তৈরি করে গিনেস বুকে নাম তুলেছিলেন।
সহেলির আশা, এবার সেই নামকে ছাপিয়ে নতুন বিশ্বরেকর্ডের অধিকারী হবেন তিনি।
গত আগস্টের মাঝামাঝি সময় থেকে কাজ শুরু করেন সহেলি। গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষের সঙ্গে আগেভাগেই যোগাযোগ করে তাদের গাইডলাইন জেনে নেন।
৩০ সেপ্টেম্বর সম্পূর্ণ তাজমহল গড়ে তার একটি ভিডিও কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এবার সুখবরের অপেক্ষায় প্রহর গুনছেন সহেলি ও তার পরিবার।
এর আগে ২০১৮ সালে পৃথিবীর সবচেয়ে ছোট মাটির দুর্গা প্রতিমা গড়ে বিশ্বরেকর্ড করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্রী। ২.৫৪ বাই ১.৯৩ বাই ০.৭৬ সেন্টিমিটার আয়তন ও ২.৩ গ্রাম ওজনের মূর্তি বানান তিনি।
