ভোট চলাকালেও সালাউদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০৬:৫৪ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনের ভোট গ্রহণ চলাকালেও টানা চারবারের সভাপতি প্রার্থী কাজী মো. সালাউদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা ঘটেছে।

বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে একদল ফুটবল প্রেমীদের। যাদের কাছে পরিচয় জানতে চাইলে উত্তর মিলেছে, ‘বাংলাদেশ ফুটবলে শুভাকাঙ্ক্ষী আমরা।’

শনিবার রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে বাফুফের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় ভোট শুরু হয়ে শেষ হয় ৬টায়।

ভোটের সময় বাইরে যারা বিক্ষোভ করেছেন তাদের দাবি, ফুটবল বাঁচানোর সামান্য চেষ্টা হিসেবে এখানে দাঁড়িয়েছেন। হাতে থাকা ব্যানার-প্ল্যাকার্ডেও মিশে ছিল সালাউদ্দিনের বিরুদ্ধে অবস্থান।

গত তিনবারের সভাপতিকে আর এই আসনে দেখতে চাননা এই বিরোধী গোষ্ঠী। একজনের প্লাকার্ডে যেমন লেখা ছিল, ‘সালাউদ্দিন হটাও, ফুটবল বাঁচাও। র‌্যাঙ্কিংয়ে ১৯৭ লজ্জাকর অবস্থা থেকে জাতি মুক্তি চায়।’ আরেকটি প্লাকার্ডে লেখা, ‘ফুটবলের সোনালি অতীত ফিরিয়ে দাও।’ কেউ আবার লিখেছেন, ‘পরিবর্তন চাই, উন্নতি চাই।’

নির্বাচনী কার্যক্রম শুরুর বেশ আগে থেকেই অবশ্য কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে এমন বিক্ষোভ লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন স্থানে মানব-বন্ধন হয়েছে। প্রেস ক্লাবের সামনেও অবস্থান নিতে দেখা গেছে অনেককে।

টানা ১২ বছর দেশের ফুটবলের অভিভাবক সংস্থাকে নেতৃত্ব দেওয়া কাজী সালাউদ্দিন অবশ্য নিজেকে সব সময়ই সফল দাবি করে গেছেন। চতুর্থবার সভাপতির পদে দাঁড়িয়ে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা নিজেকেই ফেভারিট বলে ঘোষণা করেন।

আর কিছুক্ষণ পরই অবশ্য জানা যাবে তিনি টানা চতুর্থ মেয়াদে বাফুফের শীর্ষ পদে বসবেন, না নতুন কেউ আসবে। এ পদে তার প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মানিক ও বাদল রায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত