রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এসিডে স্ত্রীর মুখ ঝলসে দেওয়ার মামলায় স্বামী মুরাদ হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শুক্রবার রাতে উপজেলার চর আষাড়িয়াদহ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় গোদাগাড়ী থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর আগে মুরাদ ভালোবেসে বিয়ে করেন একই উপজেলার রানীনগর গ্রামের মাহবুবা খাতুনকে (১৮)। মুরাদের মা এ বিয়ে মেনে না নিলে কলহ দেখা দেয়। চার মাস আগে মাহবুবা বাবার বাড়ি চলে আসেন। তবে স্বামীর সঙ্গে যোগাযোগ ছিল। সম্প্রতি মুরাদ জানতে পারেন, তার স্ত্রী অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার শ্বশুরবাড়ি গিয়ে গোপনে রাত ৩টার দিকে জানালা দিয়ে স্ত্রীর মুখে এসিড ছুড়ে মারেন।
মাহবুবাকে উদ্ধার করে স্বজনরা শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন জানান, মাহবুবার মুখের বাম অংশ পুরোটা এবং গলা ও বাম হাতের কনুই পুড়ে গেছে। সুস্থ হতে কিছুদিন সময় লাগবে।
এ ঘটনায় রাতে মাহবুবার মা শেফালি বেগম বাদী হয়ে মুরাদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করেন।
রাজশাহীর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক জানান, জিজ্ঞাসাবাদে মুরাদ বলেছেন, স্ত্রী তার সংসার করতে না চাওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি এসিড মেরেছেন। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
