ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ দন্ডাদেশ দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গত শুক্রবার রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার সীমান্তবর্তী স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করায় আটক করা হয় ১৫ জনকে এবং বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ডুবিয়ে দেওয়া হয় পানিতে। পরে গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১৫ জনের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও পাঁচজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
অপরদিকে, ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচটি বাল্কহেড (বালুবাহী জাহাজ) ও চার ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে রাজাপুর উপজেলা সদরের বাগড়ি ব্রিজসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় জাঙ্গালিয়া নদী থেকে তিনটি বাল্কহেড জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। বাল্কহেড থেকে চার ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে একই উপজেলার গালুয়া ইউনিয়নের কাটাখালী এলাকায় পোনা নদী থেকে দুটি বাল্কহেডসহ মোট পাঁচটি বাল্কহেড জব্দ করা হয়।
