গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া চৌধুরীবাড়ি এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন নিউয়েস্ট ফ্যাশনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা।
শনিবার সকালে বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।
কারখানার সুইং সেকশনের অপারেটর জুয়েল জানান, গত ২৮ নভেম্বর কাজ করানোর পরে কর্তৃপক্ষ ২ অক্টোবর পর্যন্ত কারখানা ছুটি ঘোষণা করে। শনিবার সকালে কারখানা খোলা থাকার কথা থাকলেও শ্রমিকরা সকালে কারখানায় কাজে যোগ দিতে গিয়ে দেখেন গেটে তালা ঝুলানো। এ বিষয়ে কারখানার এক সিকিউরিটির কাছে জানতে চাইলে তাদেরকে জানানো হয় কারখানা বন্ধ। কবে খোলা কখন খোলা এই বিষয়ে কিছু জানেন না তিনি।
এ নিয়ে কারখানার শ্রমিকরা আন্দোলন করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ভোগড়া চৌধুরীবাড়ির সামনে প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেয়।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি রফিকুল ইসলাম চৌধুরী জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। ৪ অক্টোবর সকালে শ্রমিকদের দাবি নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।
