পিনোশেট-যুগের সংবিধান থাকবে কি না, সেই প্রশ্নে ভোট হওয়ার মাস খানেক আগে চিলিতে ফের আন্দোলন শুরু হয়েছে। পুলিশের আচরণ ভয়াবহ আকার ধারণ করেছে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, দেশটির সান্তিয়াগোতে শনিবার পরিস্থিতি জটিল আকার ধারণ করে। পুলিশ ম্যাপোচো নদীর ব্রিজ থেকে ১৬ বছর বয়সী এক কিশোরকে ফেলে দিলে আন্দোলন আরও তীব্র হয়।
ওই ছেলেটি অনেক উপর থেকে পড়লেও ভাগ্যক্রমে বেঁচে গেছে। কয়েক জন আন্দোলনকারী তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আন্দোলনকারীদের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘ছেলেটির অবস্থা গুরুতর। আমরা এই পুলিশি নির্যাতনের প্রতিবাদ করে যাব।’
গত বছরের অক্টোবর থেকে চিলিতে সরকার-বিরোধী আন্দোলন চলছে।
আন্দোলন শুরু হয় মেট্রো ভাড়া বাড়ানোকে কেন্দ্র করে। গত জানুয়ারিতে হঠাৎ করেই মেট্রো পরিষেবায় চলাচলকারী প্রত্যেক যাত্রীর ক্ষেত্রে ২০ পেসো করে ভাড়া বাড়ায় দেশটির সরকার। এর কয়েক দিনের মধ্যেই আবার ভাড়া ৮০০ থেকে ৮৩০ পেসো হয়ে যাওয়ায় খেপে ওঠেন সাধারণ মানুষ। রাস্তায় জড়ো হয়ে তারা প্রতিবাদ জানান। বাংলাদেশি মুদ্রায় ওই ভাড়া বৃদ্ধির পরিমাণ মাত্র সাড়ে তিন টাকা। কিন্তু স্বল্প আয়ের মানুষদের জন্য এটাই ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। কারণ তাদের মাসিক আয়ের একটি উল্লেখযোগ্য অংশই ব্যয় করতে হয় যাতায়াত ভাড়ায়।
দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশের তুলনায় চিলির মেট্রো রেলে চলাচল কিছুটা ব্যয়বহুল। গত ১২ বছরে এই রেলের ভাড়া প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
