নড়াইলে পৌর এলাকায় ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০১:১৮ পিএম

নড়াইলে পৌর এলাকায় ওএমএস’র মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। প্রতিজন ৫ কেজি করে ৩০ টাকা দরের চাল কিনতে পারবেন। 

পৌরসভার ৯টি ওয়ার্ডে ১২জন ডিলারের মাধ্যমে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এসব  চাল বিক্রি করা হবে।  এসব ডিলারের মাধ্যমে সপ্তাহে ৬ দিন  মোট ৫ মেট্রিকটন চাল  বিক্রি করা হবে।

জেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে রবিবার বেলা সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগ অফিসের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা।

এ সময় নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, জেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনিরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মো. রেজাউল বিশ্বাসসহ জেলা ও উপজেলা খাদ্য অফিসের কর্মকর্তা সহ ক্রেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দেশে চালের বাজার একটু ঊর্ধ্বমুখী হওয়ায় সরকার গরিব মানুষের কথা বিবেচনা করে খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে। আশা করি এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারগুলি উপকৃত হবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত