করোনা মহামারির কারণে আসন্ন দুর্গাপূজায় মণ্ডপ সংখ্যা সীমিত রাখার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ ছাড়া প্রতিমা বিসর্জনে কোনো শোভাযাত্রা করা যাবে না বলে জানান তিনি।
রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, সচিব, সুরক্ষা সেবা বিভাগ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক, কোস্টগার্ডের মহাপরিচালক, আনসার ও ভিডিপি, বিজিবি, র্যাব, এনএসআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, প্রতিমা বিসর্জনকালে কোনো শোভাযাত্রা করা যাবে না। একই সঙ্গে মণ্ডপে প্রবেশের সময় শারীরিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সব স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।
সভায় নেয়া সিদ্ধান্তগুলো হলো, পূজা মণ্ডপে প্রবেশের সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, হাত ধোয়া ও স্যানিটাইজার, মাস্ক বাধ্যতামূলক করা। পূজা মণ্ডপ সংখ্যা সীমিত রাখার অনুরোধ জানানো। হিন্দু ধর্মীয় নেতারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন। জনসমাগম কমাতে অঞ্জলি প্রদান অনুষ্ঠান টিভি চ্যানেলে লাইভ প্রচারে পূজা উদ্যাপন কমিটি ব্যবস্থা নেবে। প্রতিমা বিসর্জনে কোনো শোভাযাত্রা করা যাবে না। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে অনুষ্ঠান প্রচার, জনসমাগম সীমিত করাসহ অন্যান্য নির্দেশনা মিডিয়ায় প্রচারে তথ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পূজা মণ্ডপ কমিটি ৯৯৯ সেবা নিতে পারবে।
