আগামী তিন দিনের মধ্যে সৌদিগামী যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে, তারা কোনো টোকেন না থাকলেও সরাসরি কাউন্টারে গিয়ে সাউদিয়া এয়ারলাইন্সের টিকেট সংগ্রহ করতে পারছেন।
সৌদি আরবে ফেরার টিকেট পাওয়া নিয়ে ভোগান্তিতে থাকা প্রবাসীদের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে টিকেট দেওযা শুরু করেছে সাউদিয়া।
নতুন এই ব্যবস্থা চালুর পর সোমবার সকাল থেকে ঢাকার কারওয়ানবাজারের সোনারগাঁও হোটেলে সাউদিয়ার টিকেট কান্টারের সামনে ভিড় ও জটলা কমে এসেছে।
মহামারিকালে দেশে আসা সৌদি আরব প্রবাসীদের ফেরতের জটিলতা কাটলেও যাত্রী অনেক হওয়ায় টিকেট পাওয়া নিয়ে বিড়ম্বনা চলছিল গত কয়েক দিন ধরেই।
রবিবার কয়েক হাজার মানুষ সাউদিয়া কার্যালয়ে সমানে বিক্ষোভ শুরু করলে তাদের সামলাতে লাঠিপেটা করে পুলিশ। পরে বিক্ষুব্ধরা প্রায় দেড় ঘণ্টা কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে রাখেন।
গত ২০ দিন ধরেই টিকেট প্রত্যাশীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়ার কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে আছেন সমস্যা সমাধানের আশায়।
সোমবারও টিকেট কান্টারের আশপাশে কয়েকশ মানুষের উপস্থিতি দেখা যায়। তবে সোনারগাঁও হোটেলের ভেতরের পরিস্থিতি ছিল বেশ শান্ত।
