সীতাকুণ্ডে শ্রমিকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০৭:০৯ পিএম

প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বিকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে সীতাকুণ্ড থানায় এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উপজেলার ভাটিয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন বাদী হয়ে সোমবার মামলাটি করেন। এতে সাইফুল (৩২) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। সাইফুল কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার হোসাখালী ইউনিয়নের আনজিয়াপাড়ার নেজাম উদ্দিনের পুত্র। স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করেন তিনি।

মামলার এজাহারে বলা হয়েছে, সাইফুল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে জে এস সাইফুল নামের ফেসবুক আইডি থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের সেতুমন্ত্রীর ছবি বিকৃত করে প্রচার করেছে। মানহানিকর এ ধরনের ব্যঙ্গচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।

মামলার সত্যতা নিশ্চিত করে আসামি আটকের চেষ্টা চলছে বলে জানান, সীতাকুণ্ড থানার ওসি সুমন বণিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত