ড. রেজা কিবরিয়াসহ ৪ কুচক্রী গণফোরামকে গণতন্ত্রহীন ও স্বেচ্ছাচারী দলে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত বলে জানিয়েছেন গণফোরামের একাংশের নেতারা।
সোমবার দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।
গণফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক ও প্রস্তুতি পরিষদের আহ্বায়ক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ ও দলের মুখপাত্র সুব্রত চৌধুরী এই যৌথ বিবৃতিতে বলেন, স্বেচ্ছাচারিতার মাধ্যমে কেন্দ্রীয় কমিটি বিলুপ্তি করে বিতর্কিত আহ্বায়ক কমিটি গঠন করার কারও এখতিয়ার নেই।
ড. রেজা কিবরিয়াসহ ৪ কুচক্রী ড. কামাল হোসেনের ঘাড়ে বন্দুক রেখে দুরভিসন্ধি করছে এবং তাকে বিতর্কিত করার অপচেষ্টা করছে। বিতর্কিত ও গণফোরাম থেকে বহিষ্কৃত জনৈক আইনজীবীর গুলশানের চেম্বারকে গণফোরামের ভুয়া অফিস দেখিয়ে ড. কামাল হোসেন ও ড. রেজা কিবরিয়ার নামে যে বিবৃতি প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ অবৈধ ও গঠনতন্ত্র পরিপন্থী।
যৌথ বিবৃতিতে তারা বলেন, দেশে আজ প্রয়োজন দলীয় ঐক্য মজবুত করে খুন, ধর্ষণ, নারী নির্যাতন, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করা। অথচ সেখানে এই চক্রটি কোন উদ্দ্যেশে গঠনতন্ত্র বিরোধী অপপ্রচারে মেতে উঠেছে। আগামী কাউন্সিলে দলকে গণমুখী ও শক্তিশালী করে তার যথাযথ জবাব দেয়া হবে।
বিবৃতিতে আগামী ১৭ অক্টোবর শনিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দেশে মহামারি আকারে চলা গুম, হত্যা, নারী ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধনের ঘোষণা দিয়ে কর্মসূচিতে দেশের সচেতন ও সর্বস্তরের গণমানুষসহ নারী, যুবক, ছাত্রদের সক্রিয় অংশ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
