চট্টগ্রাম নগরে সৌন্দর্যবর্ধন কাজে দোকান ও বিলবোর্ড বসালে চুক্তি বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক মো. খোরশেদ আলম সুজন। তিনি বলেন, সৌন্দর্যবর্ধন কার্যক্রমে পাবলিক টয়লেট নির্মাণ, বসার স্থানসহ যাত্রীছাউনি স্থাপন, ফুটপাতে টাইলসসহ বাগান করা, রাস্তার মিড আইল্যান্ড সৌন্দর্যবর্ধন করা এবং বিভিন্ন স্থানে নানান প্রজাতির ফুলের গাছসহ অন্যান্য গাছ লাগানো ইত্যাদি সৌন্দর্যবর্ধক। কিন্তু দুঃখের বিষয়, চুক্তিবহির্ভূত দোকান ও বিলবোর্ড স্থাপন করতে দেখা যাচ্ছে। যা কারও কাম্য হতে পারে না। তাই সৌন্দর্যবর্ধনের আড়ালে সৌন্দর্যের অলংকার চুরি হলে চুক্তি বাতিল করা হবে।
গতকাল সোমবার দুপুরে টাইগারপাসস্থ নগর ভবনের চসিক সম্মেলন কক্ষে সৌন্দর্যবর্ধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
ঠিকাদারদের উদ্দেশে চসিক প্রশাসক বলেন, সবার চোখটাকে একটু সুন্দর করেন, তাহলে এ শহরের চিত্র পাল্টে যাবে।
