মালয়েশিয়ায় প্রবাসীদের অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের বাংলাদেশি ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত রবিবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল সোমবার জানিয়েছেন সিআইডির সিনিয়র এএসপি (মিডিয়া) জিসানুল হক। গ্রেপ্তাররা হলো রাসেল খন্দকার (২৮), শাহানাজ বেগম (৩৫), সুমন ভূঁইয়া (২৫), বেলাল বিন কারী (৫৭), আরিফ হোসেন (৩০) ও জাবেদ হোসেন (৩০)।
এএসপি জিসানুল হক বলেন, গ্রেপ্তার ছয়জন একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র। দীর্ঘদিন ধরে এ চক্রের মালয়েশিয়ায় অবস্থানরত সদস্যরা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের অপহরণের পর আটক রেখে মারধর করার ভিডিও বাংলাদেশি স্বজনদের পাঠায়। এসব নির্যাতনের ভিডিও দেখিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। গ্রেপ্তার বাংলাদেশি সহযোগীরা দেশে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এ অর্থ হাতিয়ে নিত। মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গীর মল্লিককে (৩০) গত ১৮ জুন অপহরণ করা হয়। এরপর ভিকটিমের বড় ভাই বাংলাদেশে অবস্থানরত আলমগীর মল্লিকের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে জাহাঙ্গীরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ভাইকে বাঁচাতে বিকাশে ৮ লাখ টাকা পাঠালে অপহরণকারীরা জাহাঙ্গীরকে মুক্তি দেয়। এ চক্রের মূলহোতা মালয়েশিয়া প্রবাসী চাঁদপুরের কামরুল ও তার শ্যালক রহিম সরদার। এ ঘটনায় গত ৪ জুলাই শরীয়তপুরের জাজিরা থানায় মামলা করেন ভিকটিম জাহাঙ্গীরের ভাই আলমগীর। এ মামলায় চক্রের বাংলাদেশি ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
