গাজীপুর মহানগরীর টঙ্গীতে প্রতারণা করে প্রায় দেড়শ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে একদল প্রতারক। চক্রটি প্রায় ৩ হাজার নারীকে পণ্য ও নানা সুবিধা দেওয়ার কথা বলে এক মাসের মধ্যেই বিপুল এই অর্থ হাতিয়ে নেয়। গত সোমবার এই চক্রের দুই সদস্যকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে টঙ্গী থানা পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদ হোসেন জানান, টঙ্গীর আউচপাড়াস্থ হোসেন মার্কেটের ইউনাইটেড শপিং কমপ্লেক্সের দুটি ফ্লোর ভাড়া করে গত ৭ সেপ্টেম্বর শেখ ফরিদ নামের এক ব্যক্তিসহ আরও কয়েকজন মিলে একটি প্রতিষ্ঠান খোলে। এরপর তারা প্রায় ৩ হাজার নারীর কাছ থেকে পণ্য ও নানাবিধ সুবিধা দেওয়ার কথা বলে প্রায় ১৪৫ কোটি টাকা হাতিয়ে নেয়।
ওসি জানান, গত ২৬ সেপ্টেম্বর ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ ফরিদ এবং তার সহযোগীরা অফিস তালাবদ্ধ করে পালিয়ে যায়। এ ব্যাপারে তাছলিমা বেগম নিশি নামের এক নারী শেখ ফরিদসহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পরে ওই অভিযোগের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করা হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির মামলার সঙ্গে জড়িত প্রতারকদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাব্বির হোসেন জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত সোমবার মামলার দুই আসামি জামাল উদ্দীন খান ও মরিয়ম বেগমকে বরিশাল জেলার বাকেরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন জানিয়ে মঙ্গলবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
