নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যের ডাক সাকিবের

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০২:৫২ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়িতে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার জের ধরে ধর্ষণ ও ধর্ষকদের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে সবাই। তাতে এবার যোগ দিলেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। নারী ও শিশুর অধিকার নিশ্চিতে নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি।

সাকিব এক ফেইসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই বর্বর মানুষেরা যেসব জঘন্য অন্যায় করছে তাতে তিনি আর চুপ করে থাকতে পারছেন না। ‘চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে, দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি।’ এরপর তিনি লিখেন, ‘এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে তারপর আমি আর চুপ থাকতে পারি না। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণ্য কাজ ও সহিংসতার বিরুদ্ধে।’

অধিকার রক্ষা ও আদায়ে মুক্তিযোদ্ধাদের মতো লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সাকিব বলেন, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজ আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত