দেশের বিভিন্ন স্থানে চলমান ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরে ‘প্রতীকী বিবস্ত্র’ মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বিগত চার বছরের মধ্যে ক্যাম্পাসে এবারই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচি পালন করলো ছাত্রদল।
বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘সারা দেশে ধর্ষণ, বিচারে কেন প্রহসন!; বিবস্ত্র আমার বোন, পোশাকের নেই প্রয়োজন; বস্ত্র নিবি আমার নে, আমার বোনকে ছেড়ে দে; ভোটটা নিলা অন্তরালে, বস্ত্র কেন প্রকাশ্যে- ইত্যাদি স্লোগান সংবলিত প্লাকার্ড, ফেস্টুন নিয়ে বিক্ষোভ করেন তারা।
বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পাঠানো এক প্রেস বিবৃতিতে বলা হয়, ‘সরকারদলীয় সন্ত্রাসী বাহিনী ও তার সহযোগী কর্তৃক কুমিল্লার এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে অসহায় গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় বিবস্ত্র করার প্রতিবাদে ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা প্রতীকী বিবস্ত্র মানববন্ধনের আয়োজন করে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদের সভাপতি মো. রেজা শরীফ বলেন, ‘বাংলাদেশ এখন বিবস্ত্ররূপে আছে। আমার দেশের মা-বোনদের ইজ্জত হনন করা হচ্ছে। ধর্ষণ ও ধর্ষকের প্রতিবাদে আমরা আজ প্রতীকী বিবস্ত্ররূপে এখানে উপস্থিত হয়েছি।’
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
