ঝিনাইদহের শৈলকুপার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উলফাত আরা তিন্নির মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত জামিরুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে মাগুরা জেলার ভায়না এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জামিরুল ইসলাম শেখপাড়া গ্রামের কুনির উদ্দীনের ছেলে।
দুপুরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, তিন্নির মৃত্যুর ঘটনায় প্রধান আসামি জামিরুল মাগুরা থেকে অন্য কোথায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে।
১ অক্টোবর রাতে তিন্নিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিন্নির মেঝ বোন মুন্নির প্রাক্তন স্বামী জামিরুল তার বাড়িতে এসে অকথ্য ভাষার গালিগালাজ ও ভাংচুর করে। অপমান সইতে না পেরে তিন্নি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরের দিন তার মা শৈলকুপা থানায় আটজনের নাম উল্লেখ করে ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ে করেন। এ ঘটনায় প্রধান আসামীসহ পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ।
