নোয়াখালীতে এবার সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০৭:৪৬ পিএম

নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের খবরে সারা দেশে চলছে প্রতিবাদ নিন্দা। ঠিক তখনই নোয়াখালীতেই এবার সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণ করেছে একই গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে জসীম উদ্দিন। এ ঘটনায় বুধবার বিকেলে সুধারাম মডেল থানায় নির্যাতিত ওই কিশোরী নিজেই অভিযোগ দায়ের করেন।

মামলার এজাহারে জানা যায়, পূর্ব এওজবালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে একই গ্রামের পাশের বাড়ির মৃত বাবুল মিয়ার ছেলে জসীম উদ্দিন (২২)  বিয়ে করবে এমন আশ্বাস দিয়ে এক মাস পূর্বে কিশোরীদের বাড়ির পেছনে বাগানে নিয়ে ধর্ষণ করে। বিয়ের প্রলোভন দেখিয়ে এক মাসে চারবার ধর্ষণ করে এবং সর্বশেষ ১৫ সেপ্টেম্বরও তাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে ধর্ষণ করে। এখন জসীম বিয়ে করার আশ্বাস ও ধর্ষণের বিষয়ও অস্বীকার করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

কিশোরীর মা হোসনে আরা বেগম বলেন, আমি চট্টগ্রামে থাকি। জসীম সব সময় মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো, ভয়ভীতি দেখাতো। স্কুল থেকে ফিরে মেয়ে কাউকে কিছু বলতো না। আমি চট্টগ্রাম থেকে আসার পর রাতে আমার মেয়েকে বাইরে নেওয়র জন্য জসীম আসে। এ সময় সব কথা মেয়ে আমাকে খুলে বলে। ওই ছেলে এখন বিয়ে করবে না বলে জানায়। আমি এলাকাবাসীকে বিষয়টি অবহিত করলে তারা থানায় মামলা করার পরামর্শ দেন।

সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, মামলা গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত