পুলিশের অধস্তন কর্মকর্তা ও সদস্যদের পদোন্নতির নৈর্ব্যক্তিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারই প্রথম পুলিশের পদোন্নতির পরীক্ষা পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় ওয়েব সাইট এবং ফেইসবুক পেইজে পদোন্নতির নৈর্ব্যক্তিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড.বেনজীর আহমেদের নির্দেশে অভ্যন্তরীণ সেবা সহজীকরণ ও প্রাতিষ্ঠানিক পেশাদারিত্বের ভিত্তিতে উত্তরণের উপায় হিসেবে এই নতুন পদ্ধতিতে পদোন্নতি পরীক্ষা নেয়া হচ্ছে।
প্রচলিত এই পদ্ধতিতে ইউনিট ভিত্তিক পরীক্ষা গ্রহণ করা হতো। ইউনিট অনুসারে ভিন্ন ভিন্ন সংখ্যক শূন্য পদের বিপরীতে পরীক্ষার মাধ্যমে ইউনিট ভিত্তিক পদোন্নতি দেয়া হতো ।
পদোন্নতি প্রক্রিয়ায় কোনো বিচ্যুতি ও সীমাবদ্ধতার কারণে অযোগ্য লোক পদোন্নতি পেলে যোগ্য লোক কাজে উৎসাহ হারায়, সেবার মান কমে যায়। অধস্তন পুলিশ কর্মকর্তা ও সদস্যদের জন্য ব্রিটিশ আমল থেকে চলমান বিদ্যমান পদোন্নতি পরীক্ষায় বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। এসব নানা কারণে পুলিশের অধস্তন সদস্যদের মধ্যে ছিল হতাশা ও অভিযোগ।
এ সকল বিষয় ভাবনায় নিয়ে নতুন এই পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছে। এরই মধ্যে গত ২ অক্টোবর সকল ইউনিটের পরীক্ষার্থীগণ এই প্রথমবারের মতো সারা দেশে একই সময়ে, একই প্রশ্নে পরীক্ষা দিয়েছেন । এবারই প্রথম নৈর্ব্যক্তিক প্রশ্ন পদ্ধতি চালু করা হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। উভয় পরীক্ষার ক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রেরিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রতি ইউনিটে উপস্থিত থেকে পরীক্ষার মান নিয়ন্ত্রণ করবেন।
পরীক্ষার উত্তরপত্র পুলিশ হেডকোয়ার্টার্সে বিশেষ নিরাপত্তার মাধ্যমে পাঠানোর পর কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে । লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে পুলিশের প্রশিক্ষণ কেন্দ্রসমূহে।
