আগামী ১০ অক্টোবর অনুষ্ঠেয় চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. কাউসারের বহিষ্কারাদেশের সিদ্ধান্ত নাকচ করে দিয়েছে কেন্দ্র। গত মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমন্ডলীর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই সভার আলোকে গতকাল বুধবার কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ‘চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. কাউসারকে বহিষ্কার প্রসঙ্গে’ এক চিঠি দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনকে।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় নির্বাহী সংসদ ব্যতীত কাউকে বহিষ্কার করার ক্ষমতা অন্য কোনো সাংগঠনিক সভার নেই। এই কারণে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কর্তৃক মো. কাউসারের বহিষ্কারাদেশটি বৈধ নয়।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা বলেন, উপজেলা কমিটি বিভিন্ন অভিযোগে তাকে (কাউসার) বহিষ্কারের সুপারিশ করে জেলা কমিটির কাছে পাঠায়। আমরা সেই সুপারিশ সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির নিকট পাঠাই।
