ধর্ষকদের রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয় বন্ধ করুন : সাইফুল

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০১:৫৫ এএম

ধর্ষক ও নারী নিপীড়কদের রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়া দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘ধর্ষক-লম্পট-খুনি ও নির্যাতনকারীরা রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার জোরে নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করে। এ কারণে তারা লাগামহীন ও বেপরোয়া।’

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নিপীড়নের ঘটনা ভয়ানক ও পাশবিক বলে মন্তব্য করেন এ রাজনীতিক। তিনি বলেন, ‘নির্যাতনের ভিডিও প্রকাশ না হলে অনেক বর্বরোচিত ঘটনার মতো এ ঘটনাও ধামাচাপা পড়ে যেত। এসব ঘটনার দায়দায়িত্ব অবশ্যই স্থানীয় প্রশাসন ও সরকারকেই বহন করতে হবে। অতীতে অসংখ্য রোমহর্ষক ধর্ষণ ও হত্যার ঘটনায় অপরাধীরা পার পেয়ে যাওয়ায় নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে।’

নারীর প্রতি সহিংসতার ঘটনা বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের বিচারের দাবি জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত