দুর্গাপূজার আগে বেতন বৃদ্ধিসহ বোনাস পরিশোধের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সকল চা-বাগানের শ্রমিকরা একযোগে শ্রীমঙ্গল পৌর শহরের চৌমুহনা চত্বরে সড়ক অবরোধ করে কর্মবিরতি পালন করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার সবগুলো চা-বাগানের শ্রমিকরা এ কর্মবিরতি পালন করেন।
চা-শ্রমিকরা বলেন, বর্তমানে ১০২ টাকা মজুরি দিয়ে তাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফলে সন্তানদের লেখাপড়ার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। দুর্গাপূজার আগে বেতন বৃদ্ধিসহ বোনাস পরিশোধ না করলে পূজা উদ্যাপন করা অসম্ভব। এ সময় শ্রমিকরা তাদের ৩শ’ টাকা মজুরির দাবি জানান।
কর্মবিরতি চলাকালে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, মালিক পক্ষের সঙ্গে বৈঠকে ৩শ’ টাকা মজুরি দাবি করা হলে ১২০ টাকা দিতে রাজি হলেও দীর্ঘ ২৩ মাস অতিক্রান্ত হওয়ার পরও ১০২ টাকা হারে মজুরি দেয়া হচ্ছে। তিনি দুর্গাপূজার আগেই চা-শ্রমিকদের নতুন মজুরিসহ বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানান।
এরই ধারাবাহিকতায় আজ সারা দেশের চা-বাগান শ্রমিকরা অভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন এবং এ কর্মসূচি থেকে ২ দিনের আল্টিমেটাম বেঁধে দেয়া হয়েছে। দাবি না মানা পর্যন্ত দেশজুড়ে তাদের অবরোধ কর্মসূচি চলবে বলে জানান চা শ্রমিকেরা।
এ উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টায় পৌর শহরের চৌমুহনা থেকে অবরোধ কর্মসূচি পালন করে মিছিল শেষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের মাধ্যমে একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর পাঠানোর জন্য জমা দেন চা শ্রমিকেরা।
এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আপনারা যে স্মারকলিপি দিয়েছেন আপনাদের বেতন বোনাস ও মজুরি পূজা পূর্বে দেয়া জন্য তা আমি আমাদের জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো হবে।
