প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ১০ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্ত ছাড়িয়েছে ৩ কোটি ৬৩ লাখ।
শুরু থেকে করোনা সংক্রান্ত পরিসংখ্যান জানিয়ে আসা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গেছেন ১০ লাখ ৬০ হাজার ৪২৭ জন।
আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৩ লাখ ৮৭ হাজার। তবে সুস্থ হয়েছেন ২ কোটি ৭৪ লাখের বেশি মানুষ।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৭৭ লাখ ৭৬ হাজার রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ১৬ হাজারের বেশি লোক।
মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ৪৮ হাজার ৩০৪ জন। শনাক্ত ছাড়িয়েছে ৫০ লাখ। আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই লাতিন আমেরিকার দেশটির অবস্থান।
এক লাখ ৫ হাজার ৫৫৪ মৃত্যু নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে ৬৮ লাখ ৩২ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়।
এদিকে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জন। এর মধ্যে মারা গেছেন ৫ হাজার ৪৬০ জনে।
প্রসঙ্গত, ডিসেম্বরের শেষে চীনের উহান থেকে এই করোনাভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসটির কোনো ভ্যাকসিন বা টিকা নাই। যদিও রাশিয়া একটি টিকা আবিষ্কার করেছে, যেটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল।
বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যত দ্রুত সম্ভব টিকা বাজারে আনতে। এর মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, মার্কিন ওষুধ কোম্পানি পাইজারের গবেষকদের আবিষ্কৃত টিকা বেশ আশা জাগিয়েছে বিশ্বজুড়ে। কয়েকটি টিকা শেষ পর্যায়ে আছে। এ বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুর দিকে সাধারণের জন্য করোনা টিকা বাজারে চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।
