মুজিববর্ষ উপলক্ষে উপকূলীয় জেলা বরগুনায় নৌকা জাদুঘর-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এটা হবে দেশের প্রথম আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ নৌকা জাদুঘর। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ১০০টি নৌকার প্রতিকৃতি দিয়ে নৌকার আদলে সাজানো হবে ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন প্রাঙ্গণে বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর পরিকল্পনা ও নির্দেশনায় স্থাপিত হতে যাচ্ছে এই নৌকা জাদুঘর।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, পৌর মেয়র শাহাদাত হোসেন, এনজিও ফোরামের সভাপতি মোতালেব মৃধা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, প্রেস ক্লাব সভাপতি সঞ্জীব দাস, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১-এর সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক হাসানুর রহমান ঝন্টু, পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার প্রমুখ।
