চীনা নাগরিক খুন, গ্রেপ্তার দুজন রিমান্ডে

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০১:৪৫ এএম

পিরোজপুরে ছুরিকাঘাতে চীনা নাগরিক লাও ফান নিহতের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুই আসামি সিরাজ শেখ (৩৫) ও রানা শেখকে (২৫) পুলিশ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এর আগে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। সিরাজ সদর উপজেলার গুয়াবাড়িয়ার ছত্তার শেখের ছেলে ও রানা একই উপজেলার কুমারখালীর বাবুল শেখের ছেলে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চীনা নাগরিক অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর প্রধান টেকনিশিয়ান লাও ফান (৫৮) গুরুতর আহত হন। উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর প্রকৌশলী কাও চিয়েন হুয়া বাদী হয়ে রাতেই অজ্ঞাত আসামিদের নামে সদর থানায় হত্যা মামলা করেন। পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, ‘সম্ভবত টাকা ছিনতাইয়ের জন্যই চীনা নাগরিক লাও ফানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ব্যাগ উদ্ধার করেছে, যার মধ্যে ৫১ হাজার টাকা পাওয়া গেছে। শিগগিরই হত্যার রহস্য উদঘাটন হবে।’ এ দিকে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কর্মরত চীনের নাগরিক লাও ফান হত্যার ঘটনার খবর শুনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বৃহস্পতিবার ঢাকা থেকে পিরোজপুরে আসেন। স্থানীয় সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড এবং বেকুটিয়ার কঁচা নদীতে নির্মাণাধীন সেতুতে কর্মরত চীনের নাগরিকদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রীসহ উচ্চপর্যায় থেকে পুরো বিষয়টি মনিটরিং করা হচ্ছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুত সময়ে বিচার করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত