দুই বাংলাদেশিকে হয়রানির অভিযোগে ইতিহাদ এয়ারলাইনস কর্র্তৃপক্ষকে ২ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল আংশিক মঞ্জুর করে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে তানজিন বৃষ্টি ও নাহিদ সুলতানা যুথীকে ১ কোটি টাকা করে দিতে হবে ইতিহাদকে।
২০১১ সালের ২৮ জুন বাংলাদেশি দুজন নাগরিককে আবুধাবি এয়ারপোর্টে হয়রানি, নির্যাতন ও আটকের ঘটনায় ইতিহাদ কর্র্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয়। ওই বছরের ১৪ জুলাই এ নিয়ে রুল জারি করে হাইকোর্ট। একই সঙ্গে ঘটনার তদন্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়। রুলের শুনানি শেষে গতকাল রায়ের জন্য নির্ধারিত ছিল।
