মৌলভীবাজারে ছাত্র জোটের মিছিলে হামলা প্রমাণ করে সরকারি ছাত্র সংগঠন ধর্ষক-নিপীড়কদের বড় আশ্রয়কেন্দ্র। প্রতিবাদ-প্রতিরোধ না থাকলে গোটা দেশ ধর্ষক-দুর্বৃত্ত-লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ কথা বলেন। বিবৃতিতে বলা হয়, মৌলভীবাজারের প্রগতিশীল ছাত্র জোটের নারী ও শিশু ধর্ষণ-নিপীড়নবিরোধী বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা ও নেতাকর্মীদের গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং এসব হামলা-আক্রমণের ঘটনা প্রমাণ করে ধর্ষক-নিপীড়কদের বড় অংশকে এরাই লালন করে আসছে; ছত্রছায়া প্রদান করছে। সরকারি দলের ছাত্র সংগঠনের মদদেই শিক্ষাঙ্গনসহ নানা ক্ষেত্রে ছাত্র নামধারী ধর্ষক-লম্পটেরা আজ বেপরোয়া।
