বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ দিয়ে ‘হত্যাচেষ্টা’র অভিযোগ তুলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির দাবি তুলেছে জার্মানি ও ফ্রান্স। দেশ দুটি মনে করে নাভালনিকে বিষ প্রয়োগের পেছনে রুশ সরকারের হাত আছে। গত বুধবার দেশ দুটি একটি যৌথ বিবৃতিতে এই দাবি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার জোরালো দাবি তুলবে জার্মানি ও ফ্রান্স। কারণ, তারা মনে করে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ দেওয়ার পেছনে সে দেশের সরকারের হাত আছে। তাই তাদের দাবি যে ব্যক্তি ও সংস্থা এই বিষ প্রয়োগের পেছনে আছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হোক।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, রাশিয়া যদি এই ঘটনার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে না পারে তাহলে তাদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।
