ইতালি থেকে নিখোঁজ হওয়া উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জো সোন-গিল ‘পক্ষত্যাগ’ করে দক্ষিণ কোরিয়ায় বসবাস করছেন বলে জানিয়েছেন দেশটির এক আইনপ্রণেতা। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের গোয়েন্দা কমিটির প্রধান জানিয়েছেন, জো সোন-গিল ২০১৯ সালের জুলাই মাস থেকে তাদের দেশে অবস্থান করছেন। নিজের কন্যাসন্তানকে তার কাছে ফিরিয়ে দেওয়ার দাবিও করেছেন ওই সাবেক কূটনীতিক।
বিবিসি এ খবর জানিয়ে বলছে, খরবটি সত্যি হলে ১৯৯৭ সালের পর উত্তর কোরিয়ার ‘পক্ষত্যাগ’ করা সবচেয়ে সিনিয়র কর্মকর্তা হবেন সোন-গিল।
ইতালিতে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়ে আসার মধ্যে কাউকে না জানিয়ে ২০১৮ সালের নভেম্বরে স্ত্রীকে নিয়ে দূতাবাস ছাড়েন জো সোন-গিল। তারপর থেকেই কার্যত নিখোঁজ ছিলেন তিনি। ওই সময়ে বিভিন্ন খবরে দাবি করা হয় উত্তর কোরিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের ছেলে ও জামাই গিল হয়তো পশ্চিমা সরকারগুলোর সুরক্ষায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবেন। কিন্তু তিনি তা না করে দক্ষিণ কোরিয়ায় অবস্থান নেন।
বিবিসি জানাচ্ছে, উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত জো সোন-গিল স্ত্রীকে নিয়ে ইতালির দূতাবাস ছাড়লেও সেখানে থেকে যায় তাদের মেয়েশিশু। এ বিষয়ে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, বাবা-মা নিখোঁজ হয়ে যাওয়ার পর শিশুটির অনুরোধে তাকে উত্তর কোরিয়ায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
