সীতাকুণ্ডে স্ত্রীর লাথির আঘাতে আহত স্বামীর মৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০২:৫৬ পিএম

সীতাকুণ্ডে স্ত্রীর লাথির আঘাতে আহত আবুল হাশেম (৫০) তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। এ ঘটনায় নিহতের আত্মীয়দের অভিযোগ পেয়ে স্ত্রীকে আটক করেছে পুলিশ।

সীতাকুণ্ড থানা সূত্র ও স্থানীয়রা জানায়, নিঃসন্তান দম্পতি আবুল হাসেম ও লাইলী বেগমের মধ্যে (৪০) প্রায়ই ঝগড়াঝাঁটি লেগে থাকত। ঘটনার দিন গত বুধবার ঝগড়াঝাঁটির একপর্যায়ে স্বামী স্থানীয় ইউপি মেম্বার ও কয়েকজন এলাকাবাসীকে ডেকে আনেন। তারা স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া সমাধান করে রাত সাড়ে ১২টায় যার যার বাড়ি ফিরে যান।

পরবর্তীতে গভীর রাতে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে স্ত্রী লাইলী বেগম স্বামীর অণ্ডকোষে জোরে লাথি মারেন। স্বামী চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে পার্শ্ববর্তী আত্মীয়-স্বজনরা স্বামীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

এই ঘটনায় স্বামীর আত্মীয়রা থানায় অভিযোগ করলে স্ত্রী লাইলী বেগমকে আটক করে পুলিশ।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় দীর্ঘদিন ধরে বাস করছিলেন তারা। নিহত আবুল হাসেম সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার আগরপুর ইউনিয়নের মছের আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান সীতাকুণ্ড থানার ওসি তদন্ত সুমন বণিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত