মন্দিরের জমি নিয়ে বিরোধে পুরোহিতকে আগুনে পুড়িয়ে হত্যা

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০৩:৫৪ পিএম

জমি নিয়ে বিরোধের জেরে ভারতের রাজস্থানের একটি মন্দিরের পুরোহিতকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। জয়পুর থেকে ১৭৭ কিলোমিটার দূরে করৌলি জেলায় এই ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গ্রামের রাধাকৃষ্ণ মন্দিরে পূজা করতেন বাবুলাল বৈষ্ণব নামের ওই ব্যক্তি। নিয়মিত যাতে তিনি মন্দিরের কাজ চালিয়ে যান, তার জন্য তাকে মন্দিরের কেয়ারটেকার পুরোহিত নিযুক্ত করে মন্দির ট্রাস্ট।

কিন্তু শুধু পূজা দিয়ে সংসার চলে না। তাই মন্দিরের সম্পত্তি থেকে ১৩ বিঘা জমিতে বাবুলালকে চাষবাসের অনুমতি দেওয়া হয়। পূজা এবং মন্দির দেখভালের দায়িত্বে থাকা সেবায়েত পুরোহিতদের জমি দেওয়ার এই প্রথা দীর্ঘকাল ধরেই চলে আসছে। এই ধরনের জমিগুলোকে ‘মন্দির মাফি’ বলা হয়।

কিন্তু এই জমি ঘিরেই বিবাদের সূত্রপাত। চাষবাসে সুবিধার জন্য ওই জমি সংলগ্ন একটুকরো জায়গায় বাড়ি তৈরি করতে উদ্যত হন বাবুলাল। মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া ১৩ বিঘা জমি এবং একটুকরো ওই জমির মাঝখানে একটি উঁচু ঢিবি ছিল। মাটি সমান করতে সেই ঢিবি ভেঙে ফেলেন তিনি।

তাতেই রুখে দাঁড়ান এলাকার সংখ্যাগরিষ্ঠ মিনা সম্প্রদায়ের কিছু মানুষ। যে জমিতে বাবুলাল বাড়ি তৈরি করতে উদ্যত হয়েছেন, সেটি তাদের জমি বলে দাবি করেন তারা। গ্রামের মোড়লদের কাছে বিষয়টি পৌঁছালে তারা অবশ্য পুরোহিতের পক্ষেই মত দেন। তার পর ফের বাড়ি তৈরির কাজে হাত দেন তিনি।

তারপরেও মিনা সম্প্রদায়ের লোকজন মিলে ওই জমিতে নিজেদের একটি কুঁড়েঘর তৈরি করতে শুরু করেন বলে অভিযোগ। তাতে বাধা দিতে গেলে বাবুলালের সঙ্গে ঝামেলা বেধে যায় তাদের। সেই সময় তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তড়িঘড়ি জয়পুরের এসএমএস হাসপাতালে ভর্তি করা হয় বাবুলালকে। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে মৃত্যু হয় তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত