কিশোরগঞ্জে এগারো সিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কণ্ঠশিল্পী আনতারা মোকারমা (২২) মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তিনি কিশোরগঞ্জ শহরের বত্রিশ নূরানী সড়ক এলাকার মোকাম্মেল হকের মেয়ে। আনতারা বিভিন্ন সাংস্কৃতি অনুষ্ঠানে কণ্ঠশিল্পী হিসেবে অংশগ্রহণ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে এগারো সিন্দুর এক্সপ্রেসে করে মাকে নিয়ে ঢাকা যাওয়ার জন্য বাসা থেকে রওনা দেন। স্টেশনে পৌঁছেই দেখতে পান ট্রেন ছেড়ে দিয়েছে। এ সময় তাড়াহুড়া করে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আবদুর রহমান বিশ্বাস ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি হয়তো তাড়াহুড়া করে ট্রেনে উঠতে গিয়েই এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করেছে।
