শিশু ধর্ষণের অভিযোগে খালুকে পুলিশে দিল আন্দোলনরত শিক্ষার্থীরা

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০১:১১ এএম

খুলনায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির আপন খালু চুন্নু মিয়াকে (৩০) পুলিশে সোপর্দ করেছেন ধর্ষণ বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার সন্ধ্যায় চুন্নু মিয়াকে নগরীর শেরে বাংলা রোডের হাজীবাড়ি মিজানের বস্তি থেকে শিববাড়ী মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেপ্তার চুন্নু মিয়া নগরীর গল্লামারী ব্যাংক কোয়ার্টারের আব্দুল বারেক তালুকদারের ছেলে। সে সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজারের বস্তা সেলাই শ্রমিক।

নির্যাতিত শিশুটির স্বজনদের অভিযোগ, শিশুটির খালা বাসায় না থাকা অবস্থায় গত তিন মাস ধরে খালু চুন্নু মিয়া বিভিন্ন সময় শিশুটিকে ধর্ষণ করেছে। গত দুই-তিনদিন ধরে শিশুটি অসুস্থবোধ করলে মায়ের চাপাচাপিতে খালু চুন্নু মিয়া কর্তৃক দীর্ঘদিন ধরে ধর্ষণের ঘটনা খুলে বলে।

এ বিষয়ে গত বৃহস্পতিবার ও শুক্রবার পারিবারিকভাবে মীমাংসার জন্য বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। পরে স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পারে খুলনা বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার সন্ধ্যায় নগরীর শেরে বাংলা রোডের আমতলা হাজিবাড়ী মিজানের বস্তি থেকে পারিবারিক আপোস-রফা চলাকালে ধর্ষক চুন্নু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে ধর্ষণ বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ধর্ষণের অভিযোগে চুন্নু মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত