ডায়াবেটিসের বহুল ব্যবহৃত ওষুধে ক্যানসার সৃষ্টিকারী উপাদান

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০৬:২০ পিএম

পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবহৃত ডায়াবেটিসের ওষুধ মেটফরমিন ওষুধটি অবশেষে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এই ওষুধে ক্যানসার সৃষ্টিকারী একটি উপাদান ঝুঁকিপূর্ণ মাত্রায় পাওয়া গেছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের বিশ্লেষণের পর ভারতীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানি মার্কসস ফার্মা লিমিটেড ওষুধটি বাজার থেকে সরিয়ে নিতে যাচ্ছে।

মেটফরমিন ট্যাবলেটটি টাইপ ২ ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়।

ওষুধটিতে (৫০০ এমজি, ৭৫০ এমজি) এনডিএমএ নামের রাসায়নিক উপাদান বেশি মাত্রায় পাওয়া গেছে, যা মানুষের দেহে ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা রাসায়নিক এ উপাদান দফায় দফায় বিভিন্ন প্রাণীর ওপর প্রয়োগের পর এ সিদ্ধান্তে পৌঁছান।

মেটফরমিন দীর্ঘ মেয়াদে খেলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াও হতে পারে।

এর আগে গত জুনে ওষুধটি প্রাথমিকভাবে প্রত্যাহার করা হয়। ভারতের ওষুধ প্রস্তুতকারক কোম্পানিটি এখন বলছে, তারা আরও ৭৬ লটের ওষুধ বাজার থেকে সরিয়ে নেবে।

ইউরোপ এবং ইউরোপের বাইরের বিভিন্ন দেশে ডায়াবেটিসের ওষুধ মেটফরমিন পাওয়া যায়। গত বছর একবার ওষুধটি নিয়ে আলোচনা শুরু হয়। ওষুধটির ব্যাপারে নতুন করে কোনো পদক্ষেপ নেয়ার প্রয়োজন আছে কিনা; তা ঠিক করতে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ), ইউরোপীয় মেডিসিনস এজেন্সি (ইএমএ) এবং অন্যান্য ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ওই সময় কাজ করার কথা জানিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত