সারা দেশে চলছে ধর্ষণ বিরোধী আন্দোলন। ধর্ষণের প্রতিবাদে সোচ্চার ভূমিকা পালন করছেন শোবিজ তারকারাও। এবার জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল ধর্ষণের প্রতিবাদে একটি ভিডিও বিবৃতি প্রকাশ করেন। সেই ভিডিওতে অনন্ত জলিল ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার লক্ষ্যে সুনির্দিষ্ট আইন ও তা বাস্তবায়নের আহ্বান জানান প্রধানমন্ত্রীর কাছে।
অনন্ত জলিল তার বক্তব্যে ধর্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘যারা ধর্ষণ করছো, তোমাদের কারণে সাধারণ মানুষ সারা দেশে আন্দোলন করছে এতে করে বিঘ্নিত হচ্ছে মানুষের জীবন যাপন। তোমাদের স্ত্রী কন্যাকে কেউ যদি ধর্ষণ করে কেমন লাগবে তোমাদের? তুমি তো একটা অমানুষ! তোমার হয়তো ভালোই লাগবে, না হলে অন্যের মা-বোনকে তো রেপ করতে পারতে না। তোমার যে মনুষত্ব সেটা তো মরে গেছে।’
শুধু ধর্ষক নন, নারীদের উদ্দেশ্যেও কথা বলেন তিনি। অনন্ত বলেন, ‘ভিনদেশি নাটক সিনেমা দেখে সেসব দেশের নারীদের মতো অশালীন পোশাক পরার চেষ্টা করে। এতে করে আল্লাহ তোমাদের যে চেহারা দিয়েছে সেই চেহারার দিকে না তাকিয়ে বখাটেরা তোমার ফিগারের দিকে তাকায়।এই তোমাদের অশালীন ড্রেসের কারণে তোমাদের ফিগারের দিকে তাকিয়ে বিভিন্ন অশালীন মন্তব্য করে বখাটে ছেলেরা এবং রেপ করার চিন্তা তাদের মাথায় আসে।’
অনন্ত জলিল নারীদেরকে মডার্ন ড্রেসের নামে অশালীন পোশাক না পরে শালীন পোশাক পরার আহ্বান জানান। একই সঙ্গে ধর্ষকদের মৃত্যুদণ্ড চেয়ে প্রধানমন্ত্রীর নিকট আবেদনও জানান। অনন্ত বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আপনি আমাদের অভিভাবক। এই সব অমানুষদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড আইন ও তা বাস্তবায়নের নির্দেশ দিতে হবে। আপনার দিকে সবাই তাকিয়ে আছে আপনি কখন নির্দেশ দেবেন।’
