স্পা’র আড়ালে দেহব্যবসা, টেলিভিশন অভিনেতাসহ ১৬ জন গ্রেপ্তার

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১১:২২ পিএম

স্পা’র আড়ালে দেহব্যবসার অভিযোগে এক টেলিভিশন অভিনেতাসহ ১৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে ওই স্পা-তে হানা দেয় তদন্তকারীরা। সেখান থেকে বেশ কয়েকজন তরুণীকেও উদ্ধার করা হয়েছে।

কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ ও রাফি আহমেদ কিদোয়াই রোডের ওই স্পা দুটিতে  মধুচক্র চালানো হচ্ছে, কিছুদিন আগে এমন খবর পৌঁছায় পুলিশের কাছে। তারপর থেকেই নজরে ছিল স্পা দুটি। এরপর শনিবার রাতে কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে হানা দেয় সেখানে। প্রথমে তল্লাশি চালানো হয় রাসবিহারী অ্যাভিনিউয়ের স্পা’-তে। সেখান থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে সাতজন ক্রেতা হিসেবে গিয়েছিলেন সেখানে। তাদের মধ্যে একজন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ। অভিযোগ তিনিও নাকি ক্রেতা হিসেবেই ওই মধুচক্রের আসরে গিয়েছিলেন।

এরপরই তালতলা থানা এলাকার রাফি আহমেদ কিদোয়াই রোড়ের স্পায়ে হানা দেয় পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ৫ জনকে। ধৃতদের মধ্যে ২ জন ক্রেতা হিসেবে ওই স্পায়ে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। কত দিন ধরে স্পা’র আড়ালে মধুচক্রের আসর বসছিল? নেপথ্যে আর কারা রয়েছে, তা জানার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত