করোনায় আক্রান্তের পর প্রথমবার জনসমক্ষে ট্রাম্প

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১২:০০ এএম

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সপ্তাহের বেশি সময় আগে তার করোনা পজিটিভ ধরা পড়ার পর তিনি তিন দিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বর্তমানে তিনি হোয়াইট হাউজেই অবস্থান করছেন।

ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক শন কনলি জানিয়েছেন, তার কাছ থেকে অন্যদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি আর নেই। করোনাকে পেছনে ফেলে নির্বাচনী প্রচারে ফিরতে চাচ্ছেন ট্রাম্প। হাসপাতাল ছাড়ার পর গত শনিবার বিকেলে প্রথমবারের মতো হোয়াইট হাউজের বারান্দা থেকে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তার প্রতি সমর্থন জানাতে হাজার হাজার কৃষ্ণাঙ্গ ও লাতিনো সমর্থকদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

এক বিবৃতিতে শন কনলি জানিয়েছেন, ট্রাম্পের করোনা টেস্টে দেখা গেছে, তিনি এখন আর অন্যদের জন্য ঝুঁকির কারণ নন। পরীক্ষার ফল বলছে, প্রেসিডেন্টের শরীরে সক্রিয়ভাবে ভাইরাসের প্রতিলিপি তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তবে কনলির ওই প্রতিবেদন থেকে ট্রাম্পের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে কি না সে বিষয়টি স্পষ্ট নয়। এমনকি হোয়াইট হাউজের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত