সংবাদ সম্মেলনে রিজভী

রাষ্ট্রপতির ক্ষমায় ভয়ংকর অপরাধীরা রেহাই পাচ্ছে

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৩:৪৯ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘দেশে অনাচারের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ অনেকাংশেই দায়ী। তার ক্ষমার কারণে ভয়ংকর অপরাধীরা রেহাই পেয়ে সমাজে প্রভু হয়ে বসেছে। খুন, জখম ও নারীর শ্লীলতাহানিকে তারা নিজেদের অধিকার মনে করছে।’ গতকাল রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘অপরাধ করে রেহাই পাওয়ার সংস্কৃতির জন্যই দেশে নারী-শিশুর ওপর নির্যাতন ও সম্ভ্রমহানিসহ অন্যান্য সামাজিক অপরাধ জ্যামিতিক হারে বাড়ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম, খুন, ধর্ষণ ও দুর্নীতি করলে পার পাওয়া যায়, আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করে না এটি যেন দেশের অলিখিত বিধান হয়ে গেছে।’ রাষ্ট্রপতির ক্ষমার উদাহরণ টেনে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খুনের আসামি লক্ষ্মীপুরে তাহেরের ছেলে বিপ্লব এবং নাটোরের যুবদল নেতা গামা হত্যার আসামিসহ ৩০ জন ফাঁসির আসামিকে ক্ষমা করে দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্যে রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে মাদারীপুরের খুনের আসামি যুবলীগ নেতা আসলাম জেল থেকে বেরিয়ে আবার খুন করেছে। আজকে দেশে অনাচারের জন্য রাষ্ট্রপতি অনেকাংশেই দায়ী। তিনি রাষ্ট্রের অভিভাবক হতে পারেননি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত